আশিকুর রহমান সবুজ, গাজীপুর জেলা প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রীপুর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মহান মাস পবিত্র রমজান আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল শান্তি ও সমৃদ্ধি। এই পবিত্র মাসে আমরা যেন যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সিয়াম সাধনা করতে পারি, সেই কামনা করছি।”
শুভেচ্ছা বার্তার পাশাপাশি রমজানে সুস্থ থাকার বিষয়ে স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শও দিয়েছেন তিনি। ডাঃ শফিকুল ইসলাম বলেন, “রমজানে দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ইফতার ও সেহরিতে অতিরিক্ত ভাজাপোড়া এবং তৈলাক্ত খাবার পরিহার করা উচিত। এর পরিবর্তে প্রচুর পরিমাণে পানি, পুষ্টিকর শাকসবজি ও তাজা ফলমূল গ্রহণ করা প্রয়োজন, যাতে শরীর পানিশূন্যতা থেকে মুক্ত থাকে।” বিশেষ করে বয়োজ্যেষ্ঠ এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তিদের রমজানে বাড়তি সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
তিনি আরও নিশ্চিত করেন যে, পবিত্র রমজান মাসেও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগসহ নিয়মিত চিকিৎসা সেবা কার্যক্রম সার্বক্ষণিক অব্যাহত থাকবে। যেকোনো স্বাস্থ্যগত সমস্যায় বা জরুরি প্রয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগের জন্য তিনি উপজেলার বাসিন্দাদের অনুরোধ জানান।
পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যান কামনা করে আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।