শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামের মুরগির বাজার এলাকায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শরিফা আক্তার (২৩) নামে একজনকে হত্যার ঘটনা ঘটেছে।
(১৫’ই এপ্রিল ২০২৪) সোমবার, উপজেলার তালতলী গ্রামের মুরগির বাজার এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ও শাশুড়িকে আটক করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।
নিহতের স্বজনদের দাবি, ইয়াসিন আরাফাত শুভ, শরিফাকে রাতভর শারীরিক নির্যাতন করে তাঁকে হত্যা করেছে।
নিহত গৃহবধূ শরিফা আক্তার (২৩) তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামের মোঃ ইয়াসিন আরাফাত শুভর স্ত্রী। শরিফার বাবা মোঃ শফিকুল ইসলাম। তাঁদের ইশরাত জাহান নামে আড়াই বছর বয়সী একটি শিশুকন্যা রয়েছে।
নিহত গৃহবধূর মামা ওমর ফারুক বলেন, ‘আমার বাড়ি আর ভাগনি জামাই বাড়ি পাশাপাশি থাকায় আমি তাদের প্রতিবেশী। বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হতো। মাঝেমধ্যেই স্বামী তাকে শারীরিক নির্যাতন করত। গতকাল রোববার দিবাগত রাত ১১:টার দিকে বাড়িতে আমার ভাগনির কান্নাকাটির আওয়াজ শুনতে পাই। এরপর আমি যেতে চাইলে আমার স্ত্রী যেতে নিষেধ করে। কারণ আমি গেলে জামাই ও তার শাশুড়ি রাগ করে। সকাল ০৮:টার দিকে প্রতিবেশীরা আমাকে জানায় আমার ভাগনি মারা গেছে।
তিনি আরও বলেন, দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি শাশুড়ি মাথায় পানি দিচ্ছে। এরপর আমি গায়ে হাত দিয়ে দেখি ভাগনি মারা গেছে। তারা মৃত মানুষের মাথায় পানি দিচ্ছে। এর পরপরই স্বামী-শাশুড়ি কৌশলে পালিয়ে যেতে চাইলে অনন্য প্রতিবেশীরা বাধা দেয়। স্বামী-শাশুড়ি রাতভর শারীরিক নির্যাতন করে শ্বাসরুদ্ধ করে আমার ভাগনিকে মেরেছে, আমি আমার ভাগনির হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
নিহত গৃহবধূ শরিফার বাবা শফিকুল ইসলাম বলেন, বিয়ের পর থেকে স্বামী-শাশুড়ি মিলে আমার মেয়েকে শারীরিক-মানসিক নির্যাতন করত নির্যাতনের কারণে বেশির ভাগ সময় আমার বাড়িতে থাকত। আজ সকাল ১০:টার দিকে জানতে পারি, স্বামী-শাশুড়ি মিলে আমার মেয়েকে মেরেছে। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখি আমার মেয়ের লাশ বাড়ির উঠানে পড়ে রয়েছে। এমন কোনো সপ্তাহ নাই যে ওরা আমার মেয়েকে মারধর করেনি। সারা রাত কত নির্যাতন, কত কষ্ট দিয়ে ওরা আমার মেয়েকে হত্যা করেছে একমাত্র আল্লাহ জানে, আমি আমার মেয়ের হত্যাকারীদের বিচার চাই।
তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ মনিরুজ্জামান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে থানা-পুলিশকে অবগত করার পরপরই পুলিশ এসে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী-শাশুড়িকে নিয়ে গেছে পুলিশ।
শ্রীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল হতে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও শাশুড়িকে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।