শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমা এলাকায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক যুবক ও তার স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখম ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বরামা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে করিম উদ্দিন (৩৫) শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, করিম উদ্দিন গত কয়েক মাস যাবৎ তার পরিবারসহ একদল প্রভাবশালীর হুমকির মুখে ছিলেন। অভিযুক্তরা হলেন একই এলাকার মোঃ নুরুল ইসলাম (৪৭), নূরনাহার (৫৫), রামীম (২২), শাহানাজ (৪০), মদিনা (৪২) এবং তাদের সঙ্গে থাকা আরও অজ্ঞাতনামা ৪/৫ জন।
করিম উদ্দিনের দাবি, ১৬ জুলাই ২০২৫, সকাল সাড়ে ৬টার দিকে পূর্ব বিরোধের জের ধরে অভিযুক্তরা তার বাড়িতে ঢুকে এলোপাতাড়ি মারধর শুরু করে। তাকে এবং তার স্ত্রীকে লাঠি, রড ও লোহার পাইপ দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন অংশে জখম করে। এ সময় তার মেয়ের কানের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।
আহত অবস্থায় তারা চিৎকার শুরু করলে এলাকাবাসী ছুটে এসে তাদের প্রাণ রক্ষা করে। পরে গুরুতর আহত অবস্থায় তার স্ত্রীকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী করিম উদ্দিন জানান, অভিযুক্তরা এলাকার চিহ্নিত দাঙ্গাবাজ ও আইনের তোয়াক্কা না করা ব্যক্তি। তাদের ভয়ে পরিবার-পরিজন নিয়ে চরম আতঙ্কে রয়েছেন তিনি।
ঘটনার বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”।