আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার
রাজনীতির মূল লক্ষ্য যে মানুষের পাশে দাঁড়ানো—এই বার্তা ছড়িয়ে দিতে গাজীপুরের শ্রীপুরে দরিদ্র ও পথচারীদের জন্য খাবারের আয়োজন করেছে ছাত্রদল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বুধবার (১৫ অক্টোবর) দুপুরে এই মানবিক কর্মসূচিতে অংশ নেন শ্রীপুর উপজেলা ছাত্রদলের নেতারা।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে তরী রেস্টুরেন্ট প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক ক্ষুধার্ত, পথচারী ও ভিক্ষুক শ্রেণির মানুষ সুশৃঙ্খলভাবে খাবার গ্রহণ করেন।
স্থানীয়ভাবে পরিচিত তরী রেস্টুরেন্টটি গত চার বছর ধরে প্রতি বুধবার, বিশেষ করে হাটের দিনে, অসহায় ও দরিদ্র মানুষের জন্য ধারাবাহিকভাবে খাবারের এই আয়োজন করে আসছে। খাবারের তালিকায় সাধারণত ভাত, ডাল, ভর্তা, সবজি, মুরগি কিংবা মাঝে মাঝে গরুর মাংসও থাকে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এই উদ্যোগ সম্পর্কে জানায় যে, প্রথমে এটি ছিল তাদের ব্যক্তিগত উদ্যোগ। কিন্তু এখন সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ তাদের এই মানবিক কাজে পাশে দাঁড়াচ্ছেন, যা মানুষের প্রতি মানুষের ভালোবাসা আরও বাড়িয়েছে।
আয়োজন শেষে গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম মোরল রিফাত বলেন, “রাজনীতির মূল লক্ষ্য মানুষের সেবা করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তরুণদের অনুপ্রেরণা তারেক রহমান সবসময় চান, তরুণরা যেন জনগণের দুঃখ–কষ্টে পাশে থাকে। তরী রেস্টুরেন্টের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিএনপি ও ছাত্রদল মানুষের জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য নয়।”
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের মাসুম আহম্মেদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা ছাত্রদলের ওরাইসুল রানা, গোসিংগা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিয়াম আহাম্মেদ, শ্রীপুর পৌর ছাত্রদলের আবদুল্লাহ আজাদ, গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের মোশাররফ হোসেন, মাওনা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম এবং সিহাব আহাম্মেদ প্রমুখ।