শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে নোমান হোমস টেক্সটাইল মিলস লিমিটেডের ফ্যাক্টরির ভেতরে পৌরসভার ময়লার গাড়ির চাকায় পিষ্ট হয়ে জসিম উদ্দিন (৪৫) নামে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকায় অবস্থিত নোমান হোমস টেক্সটাইল মিলস লিমিটেডের অভ্যন্তরীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চাঁইরবাড়িয়া গ্রামের সিরাজুল হকের ছেলে। তিনি বর্তমানে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকায় বসবাস করতেন এবং ওই ফ্যাক্টরিতে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রীপুর পৌরসভার একটি নম্বরবিহীন ময়লার গাড়ি ফ্যাক্টরির ভেতরে প্রবেশের সময় অসাবধানতাবশত জসিম উদ্দিনকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর গাড়ির চালক দ্রুত পালিয়ে যায়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কুদ্দুস জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।