শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বহেরারচালা গ্রামের ফকির বাড়ী বায়তুল কোরআন কওমী মাদ্রাসা ও এতিমখানায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন শরীফ খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশনায় শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক সদস্য এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ নছ মিয়া প্রধান এ দোয়া মাহফিলের আয়োজন করেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় আল্লাহ তায়ালার দরবারে তাঁর গুনাহ ক্ষমা করে বেহেশত নসিব করার দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি একজন দৃঢ় নেতৃত্ব ও আপসহীন গণতান্ত্রিক নেত্রীকে হারিয়েছে।
দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার মুসল্লিরা অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।