শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শ্রীপুরে তাল কুড়ানোকে কেন্দ্র করে এক বৃদ্ধাকে নৃশংসভাবে খুন করে মাটিচাপা দেওয়ার ঘটনায় পুলিশ (২৫) বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্ৰেফতারকৃত যুবকের নাম আশিক। গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্ৰামের হামিদের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আশিক একজন মাদকাসক্ত যুবক। সে তাল কুড়িয়ে তা বিক্রি করে মাদক ক্রয় করত,তাই অন্য কাউকে তাল কুড়াতে দিত না। গত শুক্রবার (২৯ আগস্ট) সকালে কমলা বেগম তাল কুড়াতে গেলে আশিক ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে। এরপর সে একটি হাতুড়ি দিয়ে কমলা বেগমের মাথায় আঘাত করে । হাতুড়ির আঘাতে কমলা বেগম জ্ঞান হারিয়ে ফেলেন , আশিক কোদাল দিয়ে তার গলা কেটে দেয়। হত্যার পর আশিক লাশটি একটি গর্ত খুঁড়ে মাটিচাপা দিয়ে রাখে এবং ঝোপঝাড় ও গাছপালা দিয়ে ঢেকে দেয়।
কমলা বেগম সকালে তাল কুড়াতে গিয়ে আর বাড়ি ফিরে না আসায় তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা মাটির নিচে কাপড়ের কিছু অংশ দেখতে পায়। এতে তাদের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মাটি খুঁড়ে গলা কাটা অবস্থায় কমলা বেগমের লাশ উদ্ধার করে।
ঘটনার পর থেকেই শ্রীপুর থানা পুলিশ ব্যাপক অভিযান শুরু করে এবং ২৪ ঘণ্টারও কম সময়ে হত্যাকারী আশিককে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি এবং কোদালও উদ্ধার করা হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম এই ঘটনাকে অত্যন্ত নৃশংস বলে অভিহিত করেছেন। তিনি জানান, তাল কুড়ানোকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে এবং এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এই নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।