গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে জমি থেকে সাইনবোর্ড ও নির্মাণ সামগ্রী লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) লুটপাটের অভিযোগ এনে শ্রীপুর থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।
উপজেলার টেংরা এলাকায় সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় বাসিন্দা ও জমির ক্রেতা কামাল উদ্দিনের ছেলে মোঃ রাজিব ও জমি বিক্রেতা কাবাদ উল্লাহ ওরফে নজরুল ইসলামের ছেলে মোঃ ইমরান দাবি করেন।
মোঃ রাজিব সাংবাদিকদের বলেন, ০৭ শতাংশ জমি বায়না সূত্রে মালিক হয়ে জমিতে সীমানা নির্ধারণ করে খুঁটি ও সাইনবোর্ড স্থাপন করেছি। কিন্তু রাতের অন্ধকারে জমিতে থাকা সাইনবোর্ড ও নির্মাণ সামগ্রী কে বা কাহারা লুটপাট করে নিয়ে গেছে। আমি এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমি নিরপেক্ষ বিচারের দাবি জানাই।
কিছুদিন যাবত বিভিন্ন লোক মারফত হুমকি ধামকির শিকার হচ্ছেন বলে দাবি করেন জমি বিক্রেতা ইমরান হোসাইন। তিনি বলেন, আমার জমি সম্পূর্ণ নির্ভেজাল,চলতি বছরের খাজনা পরিশোধ করা আছে। জমিটি অন্যায় ভাবে কতিপয় কিছু ভূমিদস্যু লাভবান হওয়ার উদ্দেশ্যে পাঁয়তারা ও ষড়যন্ত্র করছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এবিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাই।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল ফজল মোঃ নাসিম সাংবাদিকদের বলেন, দুই পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।