সুমন গাজী:
গাজীপুরের শ্রীপুরে ক্ষমতার অপব্যবহার করে রাতের আঁধারে অসহায় একটি পরিবারের প্রায় কোটি টাকা মূল্যের জমি দখল করে নিয়েছে স্থানীয় প্রভাবশালী বেলাল উদ্দিন গং। এসময় জমি দখলে বাঁধা দিলে তিনজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ।
সোমবার ২৯ এপ্রিল দিবাগত রাত ২ টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে মুলাইদ গ্রামে কনিকা স্টুডিওর পিছনে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে রিয়াজউদ্দিন, তার ভাই তাজউদ্দীন ও রিয়াজ উদ্দিন এর ছেলে শরীফ উদ্দিন। পরে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এই ঘটনায় ভুক্তভোগী তাজ উদ্দিন বাদী হয়ে বেলাল সরকারের নাম উল্লেখ করে ৪০ – ৫০ জনকে অজ্ঞাত করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযুক্ত বেলাল উদ্দিন সরকার একই গ্রামের মৃত কাইল্লা সরকারের ছেলে।
অভিযোগ সুত্রে ও তাজউদ্দিন সরকার জানান, মুলাইদ মৌজায় কিছু জমি পৈত্রিক ও ক্রয় সূত্রের মালিক হয়ে দীর্ঘ ৫০ বছর যাবত দোকানপাট করে ভোগ দখলে আছেন। গত কয়েকদিন যাবত বেলাল সরকার এই জমির কিছু অংশ তার মালিকানা দাবি করেন। পরে বিষয়টি তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য মোবারক হোসেন মুরাদকে অবগত করলে তিনি সমাধানের দায়িত্ব নিলেও গত সোমবার ২৯ এপ্রিল দিবাগত রাত দুইটার দিকে বেলাল সরকার তার লোকজন নিয়ে ওই সম্পত্তি জোর করে দখলে নেয়। এ সময় তাদের অন্যায় কাজে বাধা ও ভিডিও ধারণ করতে গেলে লোকজনকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এবিষয়ে মোবারক হোসেন বলেন, এই জমিটি দীর্ঘ ৫০ বছর যাবত তাজউদ্দীনের পরিবারের ভোগদখলে ছিল কিছুদিন যাবত বেলাল সরকার এই জমির কিছু অংশ নিজের মালিকানা দাবি করছে। বিষয়টি আমাকে তাজ উদ্দিন অবগত করলে আমি স্থানীয়ভাবে আমি মীমাংসা করার চেষ্টা করেছি। কিন্তু বেলাল উদ্দিন সরকার মীমাংসার বিষয়টি গুরুত্ব না দিয়ে রাতের আঁধারে অন্যায় ভাবে জমিটি দখল করেছে।
এবিষয়ে অভিযুক্ত বেলাল সরকারের বক্তব্য নিতে তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেনি।
শ্রীপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকবর আলী খান বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে এবং একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।