শ্রীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে ২০১৩ সালে শহীদ হওয়া তৎকালীন উপজেলা সাথী শাখার সভাপতি আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর অংশ হিসেবে জামায়াতে ইসলামী হরতালের ডাক দেয়। ওই হরতালে নেতৃত্ব দিতে গিয়ে ৩ মার্চ শহীদ হন শ্রীপুর উপজেলা সাথী শাখার সভাপতি আব্দুর রাজ্জাক।
শহীদ আব্দুর রাজ্জাক স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত। এছাড়া জেলা বাইতুল মাল সেক্রেটারি আসাদুল্লাহ রিয়াদ, সাবেক উপজেলা শিবির সভাপতি মোবারক হোসেন শ্যামল, পৌর আদর্শ শাখা শিবির সভাপতি আব্দুল্লাহ সাকিব, জামায়াত নেতা মো. কবির হোসেন ও মোস্তফা মৃধা, শিবির নেতা হাবিব, আরিফ ও মিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ আব্দুর রাজ্জাকের আত্মত্যাগ ও নেতৃত্বগুণ তুলে ধরে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শেষে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।