আশিকুর রহমান সবুজ, শ্রীপুর,গাজীপুর
গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশনায় আসন্ন ‘জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬’ উপলক্ষ্যে এক বিশেষ প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই সভা আয়োজিত হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ বিজন মালাকার।
বক্তব্যে ডাঃ বিজন মালাকার বলেন, আগামী জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটারদের স্বাস্থ্য সুরক্ষা এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। ভোটকেন্দ্রগুলোতে যাতে প্রাথমিক চিকিৎসা দল (ফার্স্ট এইড টিম) সক্রিয় থাকে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যায়, সে বিষয়ে এখন থেকেই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দিক-নির্দেশনায় আয়োজিত এই সভায় হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনের দিন স্বাস্থ্যকর্মীদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে নিরবচ্ছিন্ন সেবা প্রদানের বিশেষ নির্দেশনা প্রদান করা হয়।
উপস্থিত সকলে একটি উৎসবমুখর ও নিরাপদ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে আলোচনার সমাপ্তি ঘোষণা করেন।