মো: সোহেল রানা
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে বিল্লাল হোসেন নামে এক জুট মিল সরদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে সাতটার দিকে শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের শৈলাট এলাকায় অবস্থিত টিমেক্স জুট মিলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি শৈলাট এলাকায় ভাড়া থেকে টিমেক্স জুট মিলে ‘সরদার’ হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত ব্যক্তি জানেব মিয়াও একই এলাকার (বোয়ালগাঁও পশ্চিম পাড়া, বকশিগঞ্জ, জামালপুর) বাসিন্দা এবং তিনিও সস্ত্রীক ওই এলাকায় ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জানেব মিয়ার স্ত্রীর সাথে জুট মিল সরদার বিল্লাল হোসেনের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল বলে সন্দেহ করতেন জানেব মিয়া। এ নিয়ে তাদের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। ঘটনার রাতে বিল্লাল হোসেন কারখানা থেকে বের হলে টিমেক্স জুট মিলের সামনে জানেব মিয়া তাকে গতিরোধ করেন। একপর্যায়ে হাতুড়ি দিয়ে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। বিল্লালের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে জানেব মিয়াকে আটক করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বিল্লাল হোসেনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিল্লাল সরদারের মৃত্যু হয়।