এস এম জহিরুল ইসলাম,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকার বেপারী বাড়ী জামে মসজিদে উন্মুক্ত সেবা ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত ব্যতিক্রমধর্মী ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। গত ১ জানুয়ারি শুরু হওয়া এ ধর্মীয় উদ্যোগ ৯ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। সমাপনী দিনে মনোমুগ্ধকর ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে শীতের তীব্রতা, ঘন কুয়াশা আর আরামের ঘুম উপেক্ষা করে প্রায় ৬০ জন কিশোর-তরুণ অংশগ্রহণ করে। সময়ের ব্যবধানে অংশগ্রহণকারীর সংখ্যা কিছুটা কমে এলেও একদল দৃঢ়প্রতিজ্ঞ কিশোর টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
৪০ দিনের মধ্যে এক ওয়াক্ত নামাজও বাদ না দেওয়ায় পাঁচজন অংশগ্রহণকারীকে প্রধান পুরস্কার হিসেবে সাইকেল প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলো— হাসান (১২), মোস্তাকিম (১৩), নাহিদ হাসান (১৩), রাহিম (১৩) ও মাহাদি হাসান (১৪)। এছাড়াও ১৭ জনকে ডিনার সেট প্রদান করা হয় এবং অন্যান্য অংশগ্রহণকারীদের সান্ত্বনা পুরস্কার হিসেবে বাটি সেট তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ। ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত এ আয়োজনে স্থানীয় মুসল্লি, অভিভাবক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল বেপারী পাড়া যুবসমাজ ও স্থানীয় বাসিন্দারা।
উন্মুক্ত সেবা ফাউন্ডেশন-এর পক্ষ থেকে জানানো হয়, কিশোর-তরুণদের নামাজমুখী করা, নৈতিক ও ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা—এই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য। আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে এবং তরুণ প্রজন্মকে সৎ, আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।