নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের শ্রীপুর থেকে জেলা সদর পর্যন্ত যাতায়াতের দীর্ঘ ভোগান্তি লাঘবে সরাসরি সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগে নতুন গতি সঞ্চার হয়েছে। বছরের পর বছর ধরে ঝুলে থাকা এই জনগুরুত্বপূর্ণ প্রকল্পটি বাস্তবায়নে এবার নড়েচড়ে বসেছেন গাজীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নবনির্বাচিত এই সংসদ সদস্য শ্রীপুর উপজেলার ইজ্জতপুর এলাকা ও গাজীপুর সদরের সম্ভাব্য সংযোগস্থলগুলো সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি প্রস্তাবিত রুটের ভূমি পরিস্থিতি ও প্রয়োজনীয় অবকাঠামোগত বিষয়গুলো নিয়ে প্রকৌশলী ও স্থানীয়দের সাথে দীর্ঘ আলোচনা করেন।
বর্তমানে শ্রীপুর থেকে গাজীপুর সদরে যাতায়াত করতে বাসিন্দাদের দীর্ঘ ও ঘুরপথ ব্যবহার করতে হয়। এতে যাতায়াতে দ্বিগুণ সময় ও অর্থ ব্যয় হচ্ছে,প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।আশঙ্কাজনক রোগীদের জেলা সদরে নিতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে, যা অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ইতিপূর্বে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলী এবং সাবেক এমপি ইকবাল হোসেন সবুজ এই সড়কটি নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা আলোর মুখ দেখেনি। অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপির এই তৎপরতায় এলাকাবাসীর মধ্যে হারানো বিশ্বাস আবার ফিরে এসেছে।তিনি বলেন “এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ আমার অন্যতম অগ্রাধিকার। সড়ক নির্মাণের প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য আমরা কার্যকর পদক্ষেপ নিচ্ছি।
পরিকল্পনা অনুযায়ী এই সংযোগ সড়ক বাস্তবায়িত হলে তা কেবল যাতায়াত সহজ করবে না, বরং দুই অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক মেলবন্ধনে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হবে।