আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে মো. সাদিকুল (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (ভোর) সকাল ৬টার দিকে উপজেলার লোহাগাছ গ্রামে নিজ ঘরের সামনে একটি আম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।নিহত সাদিকুল ওই গ্রামের হারুনুর রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে পরিবারের সদস্যরা ঘরের দরজা খুলে বাইরে বের হলে সাদিকুলকে আম গাছের সঙ্গে দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
প্রতিবেশীরা জানান, গত বুধবার রাতে সাদিকুলের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। তাদের ধারণা, দাম্পত্য কলহ ও মানসিক অশান্তির কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, সাদিকুল এর আগে একাধিক বিয়ে করেছিলেন। তবে পারিবারিক অশান্তি ও বনিবনা না হওয়ায় কোনো সংসারই স্থায়ী হয়নি।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।