শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রাসেল মিয়া (৩৫) উপজেলা সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া গ্রামের আবুল কাশেম এর ছেলে ও লুৎফর রহমান (৩০) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের মো.রৌশন আলীর ছেলে ও একই এলাকার উম্মেদ আলীর ছেলে মো. জুবায়ের (২৫)।
জানা যায়, সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্বে অবস্থিত ভিক্টর ব্যাগ ফ্যাক্টরি লিঃ এর সম্মুখ হইতে অনুমান ৫ শত গজ পশ্চিম দিকে মহাসড়কের উত্তর পার্শ্বের রাস্তায় একত্রিত হয়ে ডাকাতের প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত), আ.স.ম আতিকুর রহমান নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/জয়নাল আবেদীন-২, এসআই (নিরস্ত্র)/রহমান খান পাঠান, এএসআই (নিরস্ত্র)/ মোঃ সফিউল ইসলাম, এএসআই (নিরস্ত্র)/রুবেল আখন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে ডাকাত দলের তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করে।