নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ । ২৫ আগষ্ট সোমবার দুপুরে জিএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জিএমপির অপরাধ উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ রবিউল হাসান। তিনি বলেন, ঘটনা তদন্তের পর হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে ৮ আসামির বিরুদ্ধে। তাদের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করে আদালতে জমা দেওয়া হয়েছে।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন, প্রধান আসামি কেটু মিজান ওরফে কোপা মিজান, তার স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি, রফিকুল ইসলাম, আল আমিন, সুমন, ফয়সাল, শাহজালাল ও শামীম হোসেন। ডিসি রবিউল হাসান জানান, পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খানের নির্দেশে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার দ্রুত তদন্ত সম্পন্ন করে চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। এসময় ব্রিফিংয়ে জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাছাড়া তুহিনের পরিবার ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিকসহ গাজীপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য গত ৭ আগস্ট গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় আসাদুজ্জামান তুহিনকে। এ হত্যাকাণ্ডে সর্বমহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।