আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর):
গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আমূল পরিবর্তন ও আঙিনায় দৃষ্টিনন্দন ফুলের বাগান গড়ে তোলায় ব্যাপক প্রশংসায় ভাসছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম। সম্প্রতি হাসপাতাল পরিদর্শনকালে এই মনোরম পরিবেশ দেখে নিজের মুগ্ধতা প্রকাশ করেন গাজীপুর জেলার সিভিল সার্জন ডা. মো: মামুনুর রহমান।
পরিদর্শনকালে সিভিল সার্জন মহোদয় হাসপাতালের আঙিনায় ফুটে থাকা নানা প্রজাতির বাহারি ফুলের বাগান দেখে ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “হাসপাতালের এমন সাজানো-গোছানো এবং ফুলের সুবাসিত পরিবেশ রোগীদের মানসিক প্রশান্তি দিতে বড় ভূমিকা রাখে। এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং এটি অন্যান্য হাসপাতালের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।”
এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, “একজন রোগীকে সুস্থ করার জন্য কেবল ওষুধই যথেষ্ট নয়, হাসপাতালের সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশও অত্যন্ত জরুরি। রোগীদের মানসিক প্রশান্তি এবং হাসপাতালের শ্রী বৃদ্ধির কথা চিন্তা করেই আমরা এই ফুলের বাগানটি গড়ে তুলেছি।”
তিনি আরও বলেন, “এই বাগানটি গড়ে তোলা ও রক্ষণাবেক্ষণের পেছনে হাসপাতালের সকল ডাক্তার, নার্স ও স্টাফদের আন্তরিক সহযোগিতা ও মনোবল কাজ করেছে। এটি আমাদের একটি সম্মিলিত প্রচেষ্টার ফসল। সিভিল সার্জন মহোদয়ের এই প্রশংসা আমাদের সকলকে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।”
জানা যায়, ডা. শফিকুল ইসলামের নেতৃত্বে ও হাসপাতালের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টায় হাসপাতালের পরিবেশগত এই বড় পরিবর্তন এসেছে। এক সময়ের সাধারণ আঙিনাকে ফুলে ফুলে সাজিয়ে তোলায় হাসপাতালের চেহারা এখন বর্ণিল। চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা এখন হাসপাতালের ভেতরে প্রবেশ করলেই এক প্রশান্তিময় পরিবেশ খুঁজে পান।
স্থানীয় সচেতন মহল ও সেবাপ্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে স্বাস্থ্য কর্মকর্তার এই নান্দনিক চিন্তাভাবনা ও হাসপাতালের সুন্দর পরিবেশের প্রশংসা করছেন।