কয়রা(খুলনা)প্রতিনিধি
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন-এ চোরা শিকারীদের পাতা ফাঁদে আটকা পড়া একটি চিত্রা হরিণ জীবিত উদ্ধার করেছে বন বিভাগ। পরে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে হরিণটিকে বনের অভ্যন্তরে অবমুক্ত করা হয়।
ঘটনাটি ঘটেছে খুলনা রেঞ্জের হায়াতখালী বন টহল অধিনস্থ কেয়াবুনি খাল এলাকায়। জানা গেছে সোমবার (২ মার্চ) সকাল ১০ টার দিকে হায়াতখালী বন টহল ফাঁড়ির স্টাফরা ঐ বনের এলাকায় ফুট পেট্রোলিং এর মাধ্যমে অভিযান পরিচালনা করেন। এ সময় গহীন বনে হরিণ শিকারীদের ফাঁদে আটকা পড়া অবস্থায় ১ টি চিত্রা হরিণ দেখতে পায়। তাৎক্ষণিক হরিণটি ফাঁদ হতে জীবত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার ঐ বনেই অবমুক্ত করা হয়েছে।
হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ জানান, উদ্ধারকৃত হরিণটি গর্ভবতি ছিল। হরিণ উদ্ধার করতে পেরে খুবই ভাল লেগেছে। তিনি আরও জানান এই অভিযানে ২৭ টি হরিণ ধরার ছিটকি ফাঁদ জব্দ কনে ধ্বংস করা হয়েছে।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বলেন,বনের জীব বৈচিত্র রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছে।