আহসান হাবীব, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর সুবর্ণচরে স্ত্রীর পরকীয়াকে কেন্দ্র করে স্বামী ছালা উদ্দিনকে (২৮) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরজুবিলী ইউনিয়নের চরমহিউদ্দিন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছালা উদ্দিন একই ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামের মুরাদ হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, আট বছর আগে ছালা উদ্দিনের সঙ্গে নাছিমা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ছয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। শান্তি ফিরিয়ে আনতে ছালা উদ্দিন শ্বশুরবাড়িতে বসবাস শুরু করলেও সমস্যার সমাধান হয়নি। সম্প্রতি জীবিকার তাগিদে ছালা উদ্দিন চট্টগ্রামে শ্রমিক হিসেবে কাজ করতে যান। এই সুযোগে তার স্ত্রী নাছিমা বেগম পরকীয়ায় জড়িয়ে পড়েন।
নিহতের বাবা মুরাদ হোসেন অভিযোগ করে বলেন, তার ছেলের স্ত্রী পরকীয়া করে পালিয়ে গেছে—এমন খবর পেয়ে ছালা উদ্দিন চট্টগ্রাম থেকে শ্বশুরবাড়িতে আসেন। স্ত্রীকে না পেয়ে শ্বশুর, শাশুড়ি ও শ্যালকদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সবাই মিলে তাকে পিটিয়ে হত্যা করে এবং মুখে বিষ ঢেলে দেয়। নিহতের মা মোহছেনা খাতুনও এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।
নিহত ছালা উদ্দিনের ছেলে জুনায়েদ জানায়, তার নানা-নানী এবং মামা মিলে তার বাবাকে প্রথমে মারধর করে এবং পরে মুখে বিষ ঢেলে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে নাছিমা বেগমের মা মমতাজ বেগম ঘটনাটি এড়িয়ে যান এবং জানান যে তার মেয়ে গত ৭-৮ দিন ধরে নিখোঁজ। নাছিমার বাবা দুলাল হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তার সংযোগ পাওয়া যায়নি।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্ত শেষে রোববার রাতে ছালা উদ্দিনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।