রাকিব হাসান
সৌদি আরবের মদিনার কাছে ওমরাহ যাত্রীবাহী বাস ও তেলবাহী ট্যাঙ্কারের সংঘর্ষ হয়েছে। এতে বাসে আগুন ধরে অন্তত ৪২ ভারতীয় নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক ও ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সোমবার ভোরে বাসটি মক্কা থেকে মদিনার পথে যাচ্ছিল। সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টার দিকে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।
ওই ওমরাহ যাত্রীদের অনেকেই তেলেঙ্গানার হায়দরাবাদের বাসিন্দা। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে তেলেঙ্গানা রাজ্য সরকারের পক্ষ থেকে রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সৌদি আরবে বাস দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, রিয়াদে ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় কনস্যুলেট অফিস ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিক ও তাঁদের পরিবারকে পুরো সহযোগিতা দিচ্ছে।
দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন হায়দরাবাদের পার্লামেন্ট সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। মরদেহের পাশাপাশি আহতদের ভারতে এনে প্রয়োজনীয় চিকিৎসা দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন তিনি।