মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যাওয়া ঘাতক স্বামীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত আসামির নাম জালাল ওরফে দুলু (৩০)। শনিবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নিহত গৃহবধূর নাম মাস্তুরা আক্তার সুমা (২৮)। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা এলাকার একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতেন।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৬ ডিসেম্বর রাত আনুমানিক আড়াইটার দিকে যৌতুক ও পারিবারিক কলহের জেরে জালাল তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে।
হত্যাকাণ্ডের পর ঘাতক জালাল ঘরের ভেতর মরদেহ রেখে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায়। পালানোর সময় সে নিহতের বাবা মিরাজুল ইসলামকে ফোন করে জানায়, “আপনার মেয়েকে মেরে ফেলেছি, এসে লাশ নিয়ে যান।”খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের বাবা মিরাজুল ইসলাম বাদী হয়ে গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-২৯) দায়ের করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র্যাব-১ ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র্যাব-১ ও র্যাব-১৩ এর যৌথ অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১টা ১০ মিনিটে কুড়িগ্রামের রাজারহাট থানাধীন নাজিমখান ইউনিয়নের রামকৃষ্ণ মণ্ডলপাড়া এলাকা থেকে অভিযুক্ত জালালকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরাধ দমনে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাব-১ এর এই কর্মকর্তা।