চঞ্চল খান, গাজীপুরঃ
গাজীপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ভোট প্রার্থনায় মাঠে নেমেছেন রুমানা আলী টুসী ও তার কর্মী সমর্থকরা। অন্যদিকে বর্তমান সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজও থেমে নেই। বিশাল কর্মী বাহিনী নিয়ে ভোট প্রার্থনা করছেন। প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার অনুমতি পেয়ে বুধবার দুপুরে এমপি সবুজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে শ্রীপুরে যান। এ সময় গাজীপুর-৩ সংসদীয় আসনের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন শ্রীপুর সড়কে। পুরো এলাকা যেনো জনসমুদ্রে পরিণত হয়। এ সময় উৎসব মুখর পরিবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে একই মঞ্চে দাঁড়িয়ে নৌকার প্রার্থীকে ভোট প্রার্থনার আহবান জানান তিনি। নৌকার প্রার্থী রুমানা আলী টুসীকে উদ্দেশ্য করে সবুজ বলেন, আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে দিয়েছে নৌকা আর নির্বাচন করার জন্য আমাকে দিয়েছেন অনুমতি। আসুন আমরা একই মঞ্চে উৎসব মুখর নির্বাচন করি। বঙ্গবন্ধুর কন্যার হাতে করা দেশের উন্নয়নের কথা বলি একই মঞ্চে দাঁড়িয়ে। তিনি বলেন,ভোটের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা যাচাই করি। পাঁচ বছর সংসদ সদস্য হিসেবে জনগণের খেদমত করেছি, এখন ভোটের মাঠে দেখতে চাই নিজের জনপ্রিয়তা কতটুকু। হাজার হাজার নেতাকর্মী এ সময় হাত নেড়ে তার বক্তব্যকে সমর্থন জানান। উল্লেখ যে,গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১৬ নভেম্বর থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।