আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের অমানবিকতা নিয়ে দৈনিক আমাদের দর্পণ পত্রিকায় সংবাদ প্রকাশের পর রাজপথে নেমেছে সাধারণ মানুষ। আজ বুধবার সকালে ‘সচেতন নাগরিক ফোরাম-শ্রীপুর’-এর উদ্যোগে হাসপাতাল গেটে মানববন্ধন এবং উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার দৈনিক আমাদের দর্পণ পত্রিকায় বারতোপা এলাকার এক মৃত রোগীর স্বজনদের জিম্মি করে মাত্র ১২ কিলোমিটার রাস্তার জন্য ৪ হাজার টাকা ভাড়া দাবি করার সংবাদটি প্রকাশিত হয়। ভর্তির মাত্র ২ ঘণ্টা পর ওই রোগীর মৃত্যু হলে তার শোকাতুর পরিবারকে জিম্মি করে ৫-৭ জন চালকের এই অমানবিক আচরণের খবরটি প্রকাশিত হওয়ার পর পুরো উপজেলায় ব্যাপক জনরোষের সৃষ্টি হয়।
প্রকাশিত সংবাদের সূত্র ধরে আজ বুধবার সকাল ১০টায় সচেতন নাগরিক ফোরামের ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শোকাতুর মানুষকে জিম্মি করে সিন্ডিকেট করে কয়েকগুণ ভাড়া আদায় করা স্রেফ ডাকাতি। ১২ কিলোমিটারের রাস্তায় ৪ হাজার টাকা ভাড়া দাবি করা অমানবিকতার চূড়ান্ত সীমা ছাড়িয়ে গেছে। অবিলম্বে এই অবৈধ অ্যাম্বুলেন্স স্ট্যান্ড এবং দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে।
মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে হাসপাতালের সামনে থেকে অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং দালালমুক্ত চিকিৎসা সেবা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
স্মারকলিপি গ্রহণ শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে দেখার আশ্বাস দেন। এর আগে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, প্রাইভেট গাড়ির ভাড়ার ব্যাপারে সরাসরি আইন প্রয়োগ করার সুযোগ সীমিত হলেও হাসপাতালের সামনে এমন বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
সচেতন মহলের দাবি, দৈনিক আমাদের দর্পণ-এ প্রকাশিত সংবাদটি এই অমানবিক সিন্ডিকেটের মুখোশ উন্মোচন করে দিয়েছে। এখন প্রশাসন কঠোর ব্যবস্থা নিলে বারতোপার ওই পরিবারের মতো আর কাউকেও এমন হয়রানির শিকার হতে হবে না।