নিজস্ব প্রতিবেদক
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা মো. লিয়াকত আলী খাঁন মুকুল। গত ২৬ জানুয়ারি ঢাকায় এশিয়ান টেলিভিশন কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যবসা ও শিল্পখাতে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ গণমাধ্যম অঙ্গনেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
এছাড়াও তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতেও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তিনি জাতীয় দৈনিক দেশ রূপান্তর ও দেশ রেডিও-র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
গণমাধ্যম মালিকদের সংগঠন এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর নির্বাচিত পরিচালক হিসেবেও দায়িত্বে আছেন মো. লিয়াকত আলী খাঁন মুকুল।
পরিচালনা পর্ষদের সদস্যরা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে এশিয়ান টেলিভিশন সম্প্রচার, সংবাদ পরিবেশন ও মানসম্মত অনুষ্ঠান নির্মাণে আরও এগিয়ে যাবে।