মোঃ রুমি শরীফ কলাপাড়া প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নে গ্রাম পুলিশ নিয়োগকে কেন্দ্র করে ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চরমোনাই মনোনীত আব্দুর রহিমকে গ্রাম পুলিশ নিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে বলে দাবি করছেন স্থানীয়রা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গ্রাম পুলিশ পদে নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। টাকা লেনদেনের সেই দৃশ্যই ভিডিওতে ধরা পড়ে এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। অনেকেই এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।তবে এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহিমের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, গ্রাম পুলিশ নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যদি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে, তবে তা প্রশাসনের জন্য উদ্বেগজনক। তাই দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলে তারা মনে করেন।