নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে বিএনপির পূর্বনির্ধারিত শেষ নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় বিএনপির অর্ধশতাধিক কর্মী র্দগ্ধ হয়েছেন।সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গী মাজার বস্তি এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির শেষ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক টঙ্গী এলাকায় জড়ো হন। মিছিলের আগে গ্যাস দিয়ে বেলুন ফোলানোর প্রস্তুতি চলছিল। এ সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলে বিশৃঙ্খলা দেখা দেয়। অনেকে দগ্ধ অবস্থায় এদিক-ওদিক ছুটোছুটি শুরু করেন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান।
টঙ্গী সরকারি হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. নাফিসা শারমিন বলেন, দগ্ধ অবস্থায় একাধিক আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগীদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে ২১ জনকে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, গ্যাস বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, এর পেছনে অন্যকোনো কারণ বা নাশকতার সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান। তারা আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসা সহায়তার বিষয়টি তদারকি করেন। দলীয় নেতারা ঘটনাটিকে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা উল্লেখ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।