নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর সঙ্গে বাংলাদেশের লিডিং প্রযুক্তি প্রতিষ্ঠান বিটোপিয়ার এমওইউ স্বাক্ষরিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপাচার্য মহোদয়ের সভাকক্ষে এ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। ডুয়েটের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব এবং বিটোপিয়ার পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জনাব মো. মনির হোসাইন।
অনুষ্ঠানে উপাচার্য মহোদয় বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তি খাতের নিত্যনতুন চ্যালেঞ্জ উত্তরণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নাধীন আছে। শীঘ্রই নবনির্মিত আইসিটি ইনকিউবেটরের কার্যক্রম চালু হবে। এর মাধ্যমে ডুয়েট শিক্ষার্থীরা ক্লাসরুম ও ল্যাবে অর্জিত তাদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবে রূপদানের সুযোগ পাবে। এছাড়া ডুয়েটের গবেষণাগারসমূহের সক্ষমতা বৃদ্ধিতে চলমান ‘এম-ডুয়েট’ প্রকল্প সফলভাবে বাস্তবায়ন সম্পন্ন হলে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে ডুয়েট সেন্টার অব এক্সিলেন্স-এ পরিণত হবে।’উপাচার্য বিটোপিয়া গ্রুপকে তাদের গৃহীত উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘একাডেমিয়া-ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশান, শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজার, ইন্টার্নশিপ প্রদান এবং মানবসম্পদ উন্নয়নে ডুয়েট এবং বিটোপিয়া গ্রুপ একসাথে কাজ করবে। এজন্যে ডুয়েটের পক্ষ থেকে পরামর্শক সেবা প্রদান থেকে শুরু করে ডিজাইন, উন্নয়ন, উৎপাদন ও বিপণনে সার্বিক সহযোগিতা করা হবে।’ডুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘ডুয়েট এবং বিটোপিয়া গ্রুপের মধ্যকার আজকের এই এমওইউ স্বাক্ষর আমাদেরকে লোকাল এবং গ্লোবাল লক্ষ্য অর্জনে সহায়তা করবে। ডুয়েট শিক্ষার্থীদের মেধা এবং একাডেমি-ইন্ডাস্ট্রি কোলাবোরেশনে বিটোপিয়া প্রদত্ত সুযোগ একত্র হলে অচিরেই দেশকে পঞ্চম শিল্পবিপ্লবে নেতৃত্ব দেওয়ার উপযোগী গবেষক ও বিজ্ঞানী তৈরির অন্যতম কেন্দ্র হয়ে উঠবে ডুয়েট।’ আইটি ইনকিউবেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি এক্সপোজার, ট্যালেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড রিক্রুটমেন্ট, বিজিনেস-ইউনিভার্সিটি-গভর্নমেন্ট (বি টু ইউ টু জি), কম্যুনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিংয়ের ক্ষেত্রে যৌথ কার্যক্রম প্রসারিত করার প্রত্যয়ে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে আরও উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক অনুষদের ডীন অধ্যাপক ড. রুমা, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মমতাজ বেগম, মেটেরিয়ালস এন্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ, আইসিটি সেলের চেয়ারম্যান অধ্যাপক ড. ফজলুল হাসান সিদ্দিকী প্রমুখ। বিটোপিয়া গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপটির প্রশাসন ও আইন শাখার প্রধান মো. রেজাউল করিম, মানবসম্পদ বিভাগের প্রধান মো. সাজেদুল ইসলাম এবং চীফ স্ট্র্যাটেজি অফিসার মোহা. আশরাফুল মামুনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।উল্লেখ্য, বিটোপিয়া গ্রুপ বাংলাদেশের দ্রুত বর্ধনশীল একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড সলিউশন, ডাটা সেন্টার, বিপিও, এবং ফিনটেকের মতো প্রযুক্তি নিয়ে কাজ করে। বর্তমানে এশিয়া, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম বিস্তৃত আছে।