মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলার ৪নং দেলুটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধ্যে একটি গ্রামের নাম জিরবুনিয়া গ্রাম। গ্রামটি প্রাকৃতিকভাবে সুন্দর হলেও এর 'মধ্যপাড়া' এলাকার একমাত্র চলাচলের রাস্তাটির বর্তমান অবস্থা যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে।
তথ্যানুসন্ধানে জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কারের অভাবে রাস্তাটি আজ চলাচলের অযোগ্য।
এদিকে সবথেকে দুঃখজনক গতকাল শনিবার (২১ মার্চ)' র চিত্রটি ফুটে ওঠে এই রাস্তাটির, যখন মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতরের দিন ছিল। আর দিনটিতে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কর্দমাক্ত হয়ে থাকা এই রাস্তা দিয়ে কাদা মাখিয়েই মুসল্লিদের ঈদের নামাজ পড়তে যেতে হয়েছে। যে দিনে মানুষের মনে আনন্দ থাকার কথা, সেই দিনে রাস্তার এই করুণ দশার কারণে জিরবুনিয়া বাসীর কপালে ছিল দুশ্চিন্তার ভাঁজ। বছরের পর বছর এই একটি রাস্তার জন্য এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে রাস্তাটির দু'পাশে পরিবেশ রক্ষার মহৎ উদ্দেশ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে তালের গাছ ও কদবেল গাছের চারা রোপণ করা হয়েছিল। কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণ ও বেষ্টনী না থাকায় সেই গাছগুলো আজ গরু-ছাগলে খেয়ে সাবাড় করে ফেলছে। এমনকি রাস্তার পাশাপাশি এই প্রাকৃতিক সম্পদগুলোও আজ চরম অবহেলার শিকার।
এদিকে উক্ত ইউনিয়নের ১নং ওয়ার্ড তথা মধ্যপাড়ার অনেকের সাথে কথা বলে জানা গেছে, উক্ত গ্রামের সর্বস্তরের জনসাধারণের প্রানের দাবি দীর্ঘদিনের চলাচলের অনুপযোগী রাস্তাটির দুর্ভোগের অবসান ঘটানোসহ জিরবুনিয়ার এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত সংস্কার করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তোলা এবং রোপণকৃত গাছগুলো সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি। সর্বপরি এলাকাবাসী রাস্তাটি দ্রুত সংস্কার করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।