মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নে অবস্থিত ফুলদী চাইল্ড এডুকেশন ইনস্টিটিউটের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী উৎসব উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয় মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি একক ও দলীয় অভিনয়, নৃত্য, ছড়া ও কবিতা আবৃত্তি, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে ফুলদী চাইল্ড এডুকেশন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক আবুল কালাম খান তুষারের সঞ্চালনায় এবং সভাপতি মোয়াজ্জেম হোসেন রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের চেয়ারম্যান তরফদার নিগার সুলতানা সিথি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবক শামসুজ্জামান খান স্বপন মিয়া, জাহাঙ্গীর হোসেন খান কচি মিয়া, সউদ খান, ছাদিম মিয়া ও আবুল হাসেম খান।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় অতিথিবৃন্দ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।