গাজীপুর প্রতিনিধি
গাজীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী এস এম রফিকুল ইসলাম (বাচ্চু)-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আজ বুধবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এই প্রার্থী।
অভিযুক্ত আবুল কালাম আজাদ শ্রীপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। সম্প্রতি তিনি তার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন, যেখানে দাবি করা হয়—বিএনপি প্রার্থীর দুই কর্মীকে ৫ লাখ টাকাসহ সেনাবাহিনী আটক করেছে। মুহূর্তেই এই ভুয়া খবরটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
শ্রীপুর থানা পুলিশ বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। পুলিশ জানায়,আটককৃতদের কাছ থেকে কোনো টাকা উদ্ধার হয়নি।তাদের কোনো রাজনৈতিক প্রচারণার কারণে নয়, বরং মাদক মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
লিখিত অভিযোগ শেষে এস এম রফিকুল ইসলাম বলেন,"ভিত্তহীন এই প্রচারণায় আমার এবং আমার দলের সামাজিক সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। এছাড়া একজন সরকারি বেতনভুক মাদ্রাসার অধ্যক্ষ হয়ে তিনি কীভাবে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকেন, সেটিও খতিয়ে দেখা দরকার।"
অভিযুক্ত জামায়াত নেতা আবুল কালাম আজাদ দাবি করেন, তিনি অন্য একটি অনলাইন নিউজপোর্টালে খবরটি দেখে শেয়ার করেছিলেন। পরে ভুল বুঝতে পেরে তিনি সংশোধনী পোস্ট দিয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।