
গাজীপুর প্রতিনিধি
আসন্ন ঈদ সামনে রেখে যানজট এড়াতে গাজীপুর-এয়ারপোর্ট রুটের বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের সাতটি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। আজ রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফ্লাইওভার সাতটি উন্মুক্ত করেন।
ফ্লাইওভারগুলো হলো—রাজধানীর শাহজালাল বিমানবন্দরের বাম ও ডান পাশের ৩২৩ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট দুটি, জসিম উদ্দিন রোডের ১৮০ মিটার দৈর্ঘ্য, গাজীপুরা এলাকার ১৬৫ মিটার দৈর্ঘ্যের ইউটার্ন-১ ফ্লাইওভার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলাকায় ১৬৫ মিটার দৈর্ঘ্যের ইউটার্ন-২ ফ্লাইওভার, ভোগড়া এলাকায় ২৪০ মিটার দৈর্ঘ্যের ফ্লাইওভার এবং জয়দেবপুর চান্দনা চৌরাস্তা এলাকায় ৫৬৮ মিটার দৈর্ঘ্যের ফ্লাইওভার।
ফ্লাইওভারগুলো উন্মুক্ত করার সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজকে সাতটি ফ্লাইওভার উদ্বোধন নয়, উন্মুক্ত করা হলো। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এসব ফ্লাইওভার উন্মুক্ত করায় বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে যাত্রা আরও সহজ ও স্বস্তিদায়ক হবে। বিগত দিনে ঈদের সময় গাজীপুরে যে ভোগান্তি হয়, এবার আর তা হবে না।
তিনি আরও বলেন, ইতিমধ্যে বিআরটি প্রকল্পের ৯১ শতাংশ কাজ শেষ হয়েছে। আশা করা হচ্ছে, এ বছরের ডিসেম্বরের মধ্যেই বিআরটি প্রকল্পের বাস চলাচল করবে।
ওবায়দুল কাদের বলেন, ‘এই প্রকল্পের কারণে বছরের পর বছর ভোগান্তি হয়েছে। আশা করি আর ভোগান্তি হবে না। আমি নিজেও অন্তত ৫০ বার এই প্রকল্প দেখতে এসেছি।’ এ সময় তিনি বলেন, ‘সরকারের উন্নয়ন নেতিবাচকভাবে না নিয়ে একটু ভাবুন। দেখুন এতগুলা প্রজেক্ট হয়েছে, এর মধ্যে একটি প্রজেক্টে একটু সমস্যা হয়েছে। এটি আমরা স্বীকারও করেছি এবং সমস্যা কোথায় সেটিও বলেছি।’