রিয়াজুল হক সাগর, রংপুর
রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মানসিক ভারসাম্যহীন মায়ের হাতে খুন হয়েছে ছয় মাস বয়সী এক শিশু কন্যা। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশুটির মা তুলসী রানী (২৫) দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। সকালে তিনি হঠাৎ ভারসাম্যহীন হয়ে পড়লে ঘরে থাকা একটি ছুরি দিয়ে নিজের শিশু কন্যাকে জবাই করে হত্যা করেন। এরপর তিনি শিশুটির লাশ ঘরের বাইরে ফেলে দেন।
স্থানীয়রা আরও জানান, প্রায় সাত বছর আগে বাবুল চন্দ্র রায়ের (৪০) সঙ্গে তুলসীর বিয়ে হয়। নীলফামারীর সৈয়দপুর উপজেলার চৌমুহনী দলুয়া গ্রামে তুলসীর বাবার বাড়ি। তাদের পাঁচ বছর বয়সী আরও একটি কন্যা সন্তান রয়েছে।
খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে এবং মা তুলসী রানীকে আটক করে থানায় নিয়ে আসে।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তুলসী রানী মানসিক ভারসাম্যহীন অবস্থায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।