গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন প্রধানের সভাপতিত্বে আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের পরিচালক শামীম আহমেদ এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন হীড বাংলাদেশ নির্বাহী পরিচালক ও এডাবের চেয়ারম্যান আনোয়ার হোসেন। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন,গাজীপুর জেলা শ্রমিকদলের সদস্য সচিব আবুল কালাম আজাদ প্রধান এবং ক্রীড়া পতাকা উত্তোলন করেন শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান।
আগামীকাল শুক্রবার ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়,শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ বিষয়টি বিবেচনায় রেখে প্রতিবছর নিয়মিতভাবে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়, যা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।