নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ উঠেছে বাড়িওয়ালার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী রুবিয়া বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গতকাল (১৩ ফেব্রুয়ারি) কোনাবাড়ী থানা ১২নং ওয়ার্ডের বাইমাইল গিভেন্সী গেইট সংলগ্ন এলাকায় আফাজ উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া রুবিয়া ও তার স্বামী আলমগীরের উপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বাড়িওয়ালার ছেলে সোহান তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে নিষেধ করেছিলেন। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে তারা গ্রামের বাড়ি ময়মনসিংহ গিয়ে ভোট প্রদান করেন। ভোট শেষে ১৩ ফেব্রুয়ারি পুনরায় ভাড়া বাসায় ফিরে এলে সোহান তাদের জিজ্ঞাসাবাদ করেন কেন তারা ভোট দিতে গিয়েছেন এবং কোন প্রতীকে ভোট দিয়েছেন। এ সময় তারা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কথা জানালে অভিযুক্ত সোহান ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে রুবিয়া দম্পতি প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়। অভিযোগে বলা হয়, কাঠের লাঠি দিয়ে আঘাত করে রুবিয়ার কপাল ফাটিয়ে রক্তাক্ত করা হয়।
রুবিয়া আরও অভিযোগ করেন, সোহান নিজেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। স্থানীয়ভাবে বিভিন্ন অপকর্মের সাথেও তিনি জড়িত বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর প্রতীক ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন। ঘটনার বিষয়ে আওয়ামী লীগ-এর স্থানীয় নেতাদের সাথে অভিযুক্তের ঘনিষ্ঠতার অভিযোগও ওঠে। তবে এ বিষয়ে দলীয়ভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ জানান, থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
অভিযুক্ত সোহানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূল শাস্তির দাবি জানিয়েছেন।