গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুরে সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমি-এর স্কাউট দলের বার্ষিক ডে ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী বেনু ভিটা অবজারভেটরি প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে দুইটি দলে মোট ৩২ জন দীক্ষিত স্কাউট অংশগ্রহণ করেন। সকাল ১০টায় রিপোর্টিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্যাম্প কার্যক্রম শুরু হয়।
দিনব্যাপী বিভিন্ন শিক্ষামূলক ও দক্ষতাভিত্তিক কর্মসূচির মধ্য দিয়ে বিকেল সাড়ে ৫টায় ডে ক্যাম্পের সমাপ্তি ঘোষণা করা হয়। ক্যাম্প চলাকালে স্কাউটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। বিভিন্ন দলীয় কার্যক্রম, শৃঙ্খলা চর্চা, নেতৃত্ব বিকাশমূলক অনুশীলন এবং সহযোগিতামূলক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
বার্ষিক ডে ক্যাম্পে উপস্থিত ছিলেন,সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক সালাহ্ উদ্দিন আহমেদ মিলন, আল আমীন একাডেমিক স্কুলর প্রতিষ্ঠাতা আল আমীন সামসুদ্দিন, চাইল্ড কেয়ার হাই স্কুলের পরিচারক ফজর আলী।
সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক সালাহ্ উদ্দিন আহমেদ মিলন বলেন,স্কাউটিং কার্যক্রম শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বার্ষিক ডে ক্যাম্পের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে বলে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসিক ও চারিত্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।