শরিফ মহিপুর প্রতিনিধি
পটুয়াখালী জেলা এর মহিপুর বাজারে অবৈধভাবে দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ উঠেছে। বাজারের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে অস্থায়ী দোকান বসানোর কারণে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহিপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসাধারণের চলাচলের স্থান দখল করে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে দোকান স্থাপন করে ব্যবসা পরিচালনা করছেন। এতে বাজার এলাকায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় দিন দিন অবৈধ দোকানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বাজারের ব্যস্ত সময়ে শিক্ষার্থী, বৃদ্ধ ও নারীসহ সাধারণ পথচারীদের চলাচলে ব্যাপক সমস্যা দেখা দেয়। এছাড়া জরুরি প্রয়োজনে যানবাহন চলাচলেও বাধার সৃষ্টি হচ্ছে।
ভুক্তভোগী স্থানীয়রা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে অবৈধ দখল উচ্ছেদ এবং বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।