আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উজিলাব পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ‘ফুটসাল খাশিকাপ’ ফুটবল খেলা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে এবং তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এই বিশেষ ম্যাচের আয়োজন করা হয়।
শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক সদস্য জনাব আলহাজ্ব নঈম উদ্দিন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সংগ্রামী সদস্য সচিব ও আসন্ন শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী। খেলাটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মেহেদী হাসান সরকার।
শ্রীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোফাসেল ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুল্লাহ, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজগর আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, সাবেক সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আকন্দ এবং কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমিনুল হক, ইসমাইল মুন্সী, মোকলেস বেপারী এবং যুবদল নেতা মনির ফকির সহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী বলেন, “সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। ঈদ আনন্দ ভাগাভাগি করতে এবং তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। আগামীতেও শ্রীপুরের ক্রীড়াঙ্গন ও যুবসমাজের উন্নয়নে আমাদের এই পথচলা অব্যাহত থাকবে।”
উদ্বোধনী বক্তব্যে মেহেদী হাসান সরকার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, খেলাধুলা তরুণদের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশে খেলাটি উপভোগ করেন।